মাসুদ রানা মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির দ্রুত শনাক্তকরণ ও দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে নিজেদের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গত রাত থেকে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত থেমে থেমে চলছিল। বৈরী আবহাওয়া ও বৃষ্টির সুযোগ কাজে লাগিয়ে গভীর রাতে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ সদস্যরা।
তবে সীমান্তে দায়িত্বরত বিজিবি টহল দলের সতর্ক অবস্থান ও নজরদারির কারণে বিষয়টি দ্রুত ধরা পড়ে। বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের সামনে টিকতে না পেরে পুশইন প্রচেষ্টা থেকে সরে আসে বিএসএফ। পরবর্তীতে শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংমহল বিওপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার জাহিদ হোসেন দৈনিক জনতা কে জানান, পুশইন চেষ্টার ঘটনার পরপরই সীমান্ত ও আশপাশের এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
