শাহাব উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সহযোগী সংগঠন কৃষক দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও লামা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি লামা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি এবং বিএনপির নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলার ঘটনা ঘটানো হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দেবে।
সমাবেশে বক্তব্য রাখেন লামা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম, লামা উপজেলা মহিলাদলের সাবেক সভানেত্রী ও লামা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জ্যোৎস্না বেগম, উপজেলা যুবদলের সদস্যসচিব সিরাজুল ইসলাম এবং লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
