শরিফ মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সুমন (৪০) ও রুহুল আমিন (৪০) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) শহরের মজমপুর গেটের রেললাইনের পাশে ভাঙারিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুমন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার জব্বারের ছেলে এবং রুহুল আমিন জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা আনুমানিক আড়াইটার দিকে ভাঙারিপট্টি এলাকায় একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ওই দুই ব্যক্তি আহত হন। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, “একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। যিনি এটি বহন করছিলেন, তাঁর কাছেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত দুজন আটক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।”
তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ককটেলটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
