বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা জিরাবোয় পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ১; সাভার-আশুলিয়ায় বন্ধ ৪১ কারখানা

জিরাবোয় পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ১; সাভার-আশুলিয়ায় বন্ধ ৪১ কারখানা

আশুলিয়া প্রতিনিধি : সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজও অন্তত ৪১টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ২৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন এবং স্বাভাবিক গতিতে উৎপাদন চলতে থাকে। তবে সকালে জিরাবো পুকুরপাড় এলাকার একটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিল্প পুলিশের দাবি,সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

এদিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া জানান, চলমান অসন্তোষের কারণে আজ সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ৪১টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় (‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ২৮টি কারখানা। এছাড়া অন্যান্য অভ্যন্তরীণ কারণে ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা