সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গরু বাঁচাতে আগুনে ঝাঁপ, সরিষাবাড়ীতে একই পরিবারের ৩ জন দগ্ধ; পুড়ল ৪ গরু

গরু বাঁচাতে আগুনে ঝাঁপ, সরিষাবাড়ীতে একই পরিবারের ৩ জন দগ্ধ; পুড়ল ৪ গরু

‎সরিষাবাড়ী (জামালপুর) থেকে সিফাত: জামালপুরের সরিষাবাড়ীতে রহস্যজনক অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আগুনে গোয়ালঘরে থাকা আটটি গরুর মধ্যে চারটি গরু দগ্ধ হয়েছে। পরিত্যক্ত একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য।
‎
‎রোববার রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী অলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন খামারের মালিক আব্দুর রাজ্জাক (৬০), তাঁর স্ত্রী জয়ফুল বেগম (৪৫) ও জামাতা আবু তাহের (৩৮)। গোয়ালঘরে আটকে থাকা গরুগুলোকে আগুনের হাত থেকে রক্ষা করতে গিয়ে তাঁরা দগ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি পরিত্যক্ত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আব্দুর রাজ্জাকের গোয়ালঘরে। এতে গোয়ালঘরে থাকা আটটি গরুর মধ্যে চারটি গরু আগুনে দগ্ধ হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হয়। পরে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
‎
‎অগ্নিকাণ্ডে দগ্ধ গরুগুলোর চিকিৎসায় সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন দাতা সুলতান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি গরুগুলোকে বিনামূল্যে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন।
‎
‎খামারের মালিক আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের দাবি, পরিত্যক্ত ঘরে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাঁদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা