সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: ডাঃ বাচ্চু এমপি

শ্রীপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: ডাঃ বাচ্চু এমপি

মোঃ উজ্জল মিয়া শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের পবিত্র মাটিতে জনগণ আর জায়গা দেবে না। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের কোথাও সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বাচ্চু বলেন, পরাজিত অপশক্তি ও ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জুলাই-আগস্ট আন্দোলনে ১৪শ মানুষ হত্যা, ২০ হাজার মানুষকে পঙ্গু এবং ৬০ শিশুকে হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, বিগত শাসনামলে বিএনপির তিন হাজার নেতাকর্মীকে হত্যা ও ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড ও হেফাজতের নেতাকর্মীদের হত্যার ঘটনাও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা আবারও দেশে ফেরার স্বপ্ন দেখছেন। কিন্তু এ দেশের মানুষ তাকে আর জায়গা দেবে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে দেশে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও দুর্নীতির পুনরুত্থান সম্ভব হবে না।

শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলন প্রসঙ্গে এমপি বাচ্চু বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। শ্রমিকদের বেতন বাড়ুক, জীবনযাত্রার মান উন্নত হোক এবং তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক—এটাই তারা চান। তবে শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে কোনো অপশক্তি যেন শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসী, স্বেচ্ছাসেবক দল নেতা রাশিদুল ইসলাম নয়নসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে, একই দিন বিকেলে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে মাওনা চৌরাস্তা থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও স্লোগান দেওয়া হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান সজল, প্রফেসর নজরুল ইসলাম সেলিম, খন্দকার বাবুল, ইজ্জত আলী ফকির, নঈমুদ্দিন ফকির, মাহমুদুল হাসান আলাল, ফজলুল হক, আশরাফ আলী নিজাম, জসিম উদ্দিন, নস মিয়া প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত, পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা