মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আর্ন প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আর্ন প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেকার ও প্রশিক্ষণবিহীন যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের অর্থায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ব্র্যাকের সঙ্গে যৌথ অংশীদারত্বে স্থানীয় উন্নয়ন সংস্থা ‘ফ্যামিলি টাইস ফর উইমেন ডেভেলপমেন্ট’ (এফটিডব্লিউডি) এ সভার আয়োজন করে।

এফটিডব্লিউডির নির্বাহী পরিচালক খুজিস্থা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইদ্রিস আলী সরকার।

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলার সাতটি উপজেলায় ১১০টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রের (ভিএলটিসি) মাধ্যমে ৮ হাজার ৮০০ জন নিট (NEET) যুবক-যুবতীকে কারিগরি প্রশিক্ষণ এবং ১৫ হাজার ৪০০ জনকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৫টি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রূপম দাস বলেন, প্রশিক্ষণের জন্য প্রকৃত উপকারভোগী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা