সোহেল রানা, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী কোনাবাড়ী শাখা কার্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়। এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. ফেরদৌসুর রহমান, ডা. আরিফ হোসনে, ডা. রাসেল সরকার, ডা. মেহেদী হাসান লিমন, ডা. নয়ন কুমার, ডা. ফজলু রহমান ও ডা. হিমেল মিয়া।
কর্মসূচিতে রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ, চোখের ড্রপ এবং চক্ষু রোগীদের পাওয়ারের চশমা বিতরণ করা হয়।
এ সময় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আক্তার, জোনাল হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু রহিদ, কোনাবাড়ী শাখা ব্যবস্থাপক মো. মিলন সরকার, হিসাবরক্ষক শরিফুল ইসলাম ও সিনিয়র ক্রেডিট অফিসার কাইয়ুম উপস্থিত ছিলেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পিএমকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নয়ারহাট জোনের কোনাবাড়ী শাখায় এ বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়।
সংস্থার কর্মকর্তারা জানান, শাখার গ্রাহকসহ এলাকার মা ও শিশু এবং সব বয়সের অতিদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছর এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে উপকারভোগীরা পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপপ্রধান নির্বাহী দেওয়ান ফয়সল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
