জাহাঙ্গীর আলম রাজু, আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ২৪ নভেম্বর এই মর্মান্তিক দুর্ঘটনায় ১১৭ জন পোশাকশ্রমিক প্রাণ হারান এবং আহত হন অন্তত দুই শতাধিক। দিনটি স্মরণে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পরিত্যক্ত কারখানাটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নিহতদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ১৪ বছর আগের সেই বিভীষিকাময় দিনের স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও সহকর্মীরা।
পরে কারখানার সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও আহত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন ও উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি। এমনকি তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনসহ ঘটনায় দায়ীদের বিচার আজও শেষ হয়নি; মামলাটি এখনো সাক্ষ্যগ্রহণ পর্যায়েই ঝুলে আছে।
অগ্নিকাণ্ডে আহত শ্রমিক নাসিমা আক্তার বলেন, ‘১৪ বছর ধরে অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করছি। সরকার শুধু আশ্বাস দেয়, কিন্তু তা বাস্তবায়ন করে না। নিরুপায় হয়ে গত বছরের ২৩ নভেম্বর থেকে এই পরিত্যক্ত ভবনের নিচেই মানবেতর জীবন কাটাচ্ছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি-দ্রুত ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং খুনি মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে আহত আরেক শ্রমিক সবিতা রানি জানান,আগুন লাগার সময় তিনি কারখানার তৃতীয় তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করছিলেন। বের হওয়ার চেষ্টা করলে কারখানার ব্যবস্থাপক ‘কিছু হয়নি’ বলে তাদের কাজ চালিয়ে যেতে বলেন। পরে ওপর থেকে কালো ধোঁয়া নামতে দেখে তিনি স্যাম্পল রুমের জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। মানুষের পায়ের চাপে পিষ্ট হয়ে এক ব্যক্তির বেল্ট ধরে কোনোমতে বাইরে এসে নিচে লাফ দেন।
সবিতা বলেন, ‘নিচে লাফ দেওয়ায় আমার কোমরের হাড় ভেঙে যায় ও সরে যায়। সেই থেকে পঙ্গুত্বের জীবন বয়ে বেড়াচ্ছি। প্রায় এক বছর ধরে আমরা এখানে খোলা আকাশের নিচে পড়ে আছি। মালিকপক্ষ, বিজিএমইএ, বিকেএমইএ কিংবা সরকার-কেউ আমাদের দুর্ভোগের সমাধান করছে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে যাব না।’
সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘২০১২ সালের ২৪ নভেম্বর আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ মূল ফটকে তালা লাগিয়ে শতাধিক শ্রমিককে পুড়িয়ে হত্যা করে। ১৪ বছরেও দোষীদের শাস্তি নিশ্চিত হয়নি। সরকার আসে, সরকার যায়, কিন্তু কেউ বিচার করে না। আসামিরা জামিনে ঘুরে বেড়াচ্ছে, উল্টো তাজরীনের জায়গা বিক্রি করে দেওয়া হচ্ছে।’ দেশের পোশাক খাতের অন্যতম বড় এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ অবিলম্বে নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
