নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণের সাথে মতবিনিময় করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মনিরুজ্জামান মিঞা। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবা আরও সহজ ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভাগীয় কমিশনার দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্র, অফিসার্স ক্লাব এবং সেবা প্রত্যাশীদের জন্য নির্মিত বিশ্রামাগার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জনসাধারণের ভোগান্তি কমাতে এবং দাপ্তরিক সেবার মানোন্নয়নে এই স্থাপনাগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় এবং অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপপরিচালক (স্থানীয় সরকার) মো: সফি উল্লাহ, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো: সামসুজ্জামান, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
