শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মেলেনি কক্সবাজার সদর হাসপাতালে নিহত শামীম আরার স্বজনের খোঁজ

ফিঙ্গারপ্রিন্টে মিলেছে পতেঙ্গার ঠিকানা,

মেলেনি কক্সবাজার সদর হাসপাতালে নিহত শামীম আরার স্বজনের খোঁজ

রিয়াজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর হাসপাতালে অজ্ঞাতপরিচয় নারী হিসেবে ভর্তি হওয়ার আট দিন পর মারা গেছেন শামীম আরা নামের এক মহিলা। ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে তাঁর বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বলে তথ্য পাওয়া গেলেও এখনো তাঁর পরিবারের সদস্য কিংবা স্বজনদের সন্ধান মেলেনি।

জানা গেছে, গত ১৮ নভেম্বর ২০২৬ কয়েকজন ব্যক্তির সহযোগিতায় ওই নারীকে অজ্ঞাতপরিচয় হিসেবে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।

পরবর্তীতে তাঁর ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বলে তথ্য পাওয়া যায়। তবে পতেঙ্গা থানা পুলিশের সহযোগিতায় খোঁজখবর নিয়েও ওই নামে বর্তমানে সেখানে বসবাসকারী কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. শামীম জানান, ওই নারীর পরিচয় শনাক্ত এবং তাঁর পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। কেউ তাঁকে চিনে থাকলে কিংবা তাঁর স্বজনদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে কক্সবাজার সদর মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে যোগাযোগের জন্য এসআই মো. শামীমের মোবাইল নম্বর ০১৭১২-৬৪১৬৬৭।

একজন মৃত নারীর পরিচয় শনাক্ত এবং তাঁর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের মানবিক প্রচেষ্টায় সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ। সংবাদটি বেশি বেশি প্রচারের মাধ্যমে তাঁর পরিবারের সন্ধান পেতে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা