এইচ এন আলম, ককসবাজার : কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে বা পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে নিখোঁজ কিশোরের পরিচয় জানা যায়নি। পুকুরের পাশ থেকে একটি সাইকেল, জুতা ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে। এসব সামগ্রী নিখোঁজ কিশোরের বলে ধারণা করা হচ্ছে। এগুলোর সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পাওয়ার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়েও কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও উপজেলা পরিষদের এই পুকুরে পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বারবার দুর্ঘটনা ঘটলেও পুকুরটির চারপাশে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় ঝুঁকি থেকেই যাচ্ছে।
এ অবস্থায় ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুরটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
