মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর সমাপ্তি হয়েছে। সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি। শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ আহমেদ, ভেটেরিনারি সার্জন ডা. মিসবাহুল জান্নাত মিনি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রাণিজ পণ্যের রপ্তানি বাড়াতে গুণগত মান নিশ্চিত করা এবং পশু-পাখির রোগ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, মো. আলাউদ্দিন, ইকবাল ও জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
