শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাইক্রোবাসে ইঞ্জিন কভারের নিচে ১৪ হাজার ইয়াবা, চালক আটক

ইমামের ডেইল চেকপোস্টে ৪২ লাখ টাকার ইয়াবা উদ্ধার

মাইক্রোবাসে ইঞ্জিন কভারের নিচে ১৪ হাজার ইয়াবা, চালক আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের ইঞ্জিন কভারের নিচে লুকানো ১৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি, মোবাইল ফোন ও এলইডি ডিসপ্লে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে উখিয়ার ইমামের ডেইল চেকপোস্টে এ অভিযান চালানো হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা।

আটক চালক রহমত উল্লাহ (৩৯) টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা। তিনি ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ইমামের ডেইল চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ইঞ্জিন কভারের নিচে লুকানো খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়ির চালককে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, মোবাইল ফোন ও এলইডি ডিসপ্লে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক ইয়াবাগুলো শাহপরীর দ্বীপ থেকে কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। মাইক্রোবাসটি আরও তল্লাশি করে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা