সাভার থেকে, ফাহাদ-ই-আজম: ঢাকার সাভারে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসেও। এতে মোটরসাইকেলচালক ও বাসের এক যাত্রী আহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেডিও কলোনি এলাকার ইউটার্নের উঁচু সড়ক বিভাজকের দেয়ালে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি আরোহীসহ সড়কে ছিটকে পড়ে। এ সময় সড়কের সঙ্গে ঘর্ষণে মোটরসাইকেলটিতে আগুনের সূত্রপাত হয়। পরে মোটরসাইকেলটি ছিটকে একটি যাত্রীবাহী বাসের সামনে গিয়ে পড়ে। একপর্যায়ে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হলে বাসটিতেও আগুন ধরে যায়।
এ সময় মোটরসাইকেলচালক আহত হন। অন্যদিকে, আগুনের আতঙ্কে বাস থেকে দ্রুত নামতে গিয়ে এক যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বাসে ধারাবাহিক অগ্নিসংযোগে উদ্বেগ
এদিকে, সাম্প্রতিক সময়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার বেলতলা ও সাভারের বলিয়ারপুর এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের একটি পুলিশ ছাউনি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে বোমাটি বিস্ফোরিত না হওয়ায় এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
এসব ঘটনার পর শিল্পাঞ্চল ও মহাসড়ককেন্দ্রিক নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল এবং তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মহাসড়কে সতর্ক নজরদারি
অন্যদিকে, ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে বড় ধরনের অবরোধের খবর না থাকলেও কিছু এলাকায় যানবাহনের ধীরগতির তথ্য পাওয়া গেছে। বিশেষ করে সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, নবীনগর, বাইপাইল ও জামগড়া এলাকায় যানবাহনের চাপ এবং নিরাপত্তাজনিত তল্লাশির কারণে চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
সাভার-আশুলিয়া-ধামরাইয়ে গ্রেপ্তার ৯
এদিকে, সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ ও মশাল মিছিলের ঘটনাকে কেন্দ্র করে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বরাত দিয়ে জানা গেছে, সাভার মডেল থানা-পুলিশ ৬ জন, আশুলিয়া থানা-পুলিশ ২ জন এবং ধামরাই থানা-পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার বিবরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
