নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নারায়ণগঞ্জে সংস্থার বিভিন্ন অফিস, জমি ও স্থাপনা পরিদর্শন করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী। বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী পরিদর্শনকালে তিনি সংস্থার অব্যবহৃত ও সম্ভাবনাময় সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
চেয়ারম্যান পর্যায়ক্রমে বিআইডব্লিউটিসির নিতাইগঞ্জ আঞ্চলিক অফিস, বেইজঘর, বহর অফিস, কয়লা ঘাট, গোকচর জমি, হাজীগঞ্জ বাংলো, ঈসা খাঁ বাংলো, সিরাজউদ্দৌলা রোডের অফিস ও জমি এবং গোদনাইলে সুস্তারী জমি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন স্থাপনা ও জমির বর্তমান অবস্থা, ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি সংস্থার সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ এবং সেখান থেকে কীভাবে আয় বাড়ানো যায়, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেন।
চেয়ারম্যান বলেন, বিআইডব্লিউটিসির নিজস্ব জমি ও স্থাপনাগুলো শুধু পড়ে না রেখে পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে। সম্ভাবনাময় সম্পদ চিহ্নিত করে বাস্তবসম্মত উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে সংস্থার আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
এর আগে বহর অফিস ও নিতাইগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে চেয়ারম্যান কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরিদর্শনকালে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) জেসমিন আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) সোয়াত হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বিআইডব্লিউটিসির বিপুল পরিমাণ জমি ও স্থাপনা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। এসব সম্পদের যথাযথ ব্যবহার ও বাণিজ্যিকভাবে উন্নয়ন করা গেলে সংস্থার নিজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি অব্যবহৃত সম্পদকে উৎপাদনশীল সম্পদে পরিণত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
