মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেলো ফয়সালের। নিজের বাড়ির পুকুরে মোটর দিয়ে মাছ ধরার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে কুলিয়ারচরের এক কিশোরের।
মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৪ বছরের ফয়সাল মিয়ার।
বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই গ্রামের মোহাম্মদ আওয়াল মিয়ার ছোট ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পুকুরে মোটর ব্যবহার করে মাছ ধরছিল ফয়সাল।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে সে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
মাত্র ১৪ বছর বয়সে ফয়সালের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায়ও শোকের ছায়া নেমে আসে।
