শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঈদে মিলাদুন্নবীকে বরণ করতে উত্তরবঙ্গের বৃহত্তম মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা

ঈদে মিলাদুন্নবীকে বরণ করতে উত্তরবঙ্গের বৃহত্তম মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: প্রতি বছরের মত এবারও নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে (সা.) স্বাগত জানিয়ে নজরকাড়া এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে। এতে কয়েক শতাধিক মোটর সাইকেলে করে আশেকরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদ ঈদগাহ মাঠ হতে ওই বৃহত্তম আনন্দ শোভাযাত্রা বেরা করা। আলা হযরত ইমাম আহমেদ রাযা ফাউন্ডেশন ও সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াত ওই শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রাটিতে অংশগ্রহনকারীরা কালেমা খচিত পতাকা বহন করেন। এ সময় ‘নুর নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহসহ বিভিন্ন স্লোগানে শোভাযাত্রাটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজের পর শত শত মুসল্লী মোটর সাইকেল নিয়ে জিআরপি মোড়ে একত্রিত হয়ে গোলাহাটে মুল র‌্যালীর সাথে মিলিত হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন অংগ সংগঠনসহ শহরের বিভিন্ন খানকাহ ও ধর্মীয় সংগঠনের কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

আলা হযরত ইমাম আহমেদ রাযা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসরার আনসারী জানান, মূলত উত্তরবঙ্গের বৃহত্তম জাশনে জুলুছ আমাদের সৈয়দপুরে হয়ে থাকে। সেই জাশনে জুলুছ ও পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর মোটর সাইকেল করে ঐতিহাসিক আনন্দ শোভযাত্র বের হয়ে আসছে। এ বছরও অধিক সংখ্যক আশেকরা অংশ নিয়েছেন। দিন দিন এর পরিধি বাড়ছে আলহামদুলিল্লাহ।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম জানান, আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও আলা হযরত ফাউন্ডেশন যৌথভাবে এই আনন্দ র‌্যালী করে আসছে। প্রিয় নবীজির মিলাদের জন্য প্রতি বছর শান্তিপূর্ণভাবে এই আয়োজন হয়ে আসছে। মূলত সামনে আমাদের ঐতিহাসিক জুলূছের প্রাক প্রস্তুতি হিসাবে এই র‌্যালী হয়ে আসছে।

শেষে শহীদ স্মৃতি অম্লান চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সিরাজ রিজভী, আব্দুল জব্বার রিজভী, মাওলানা ইমরান হাবিব আশরাফী, মারগুব আশরাফী, আশরাফ রিজভী, নাদিম আশরাফী, সৈয়্যদ আব্দুল্লাহ বাখশি, আসিফ আশরাফী, হায়দার এমাদী, আনোয়ার আশরাফী, ইরফান আশরাফী, সাজিদ রিজভীসহ ফাউন্ডেশন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ। সবশেষে সালাতো সালামের পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা