ফাহাদ-ই-আজম, সাভার : নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি।
পরে তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘উদয় পদ্ম’ বৃক্ষের একটি চারা রোপণ করেন। এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সামরিক সচিব, প্রেস সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রাষ্ট্রপতির সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে পুরো এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
