বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ স্বাস্থ্য ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু থামছেই না। দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো সাত জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তাদের চার জন ঢাকা বিভাগের; বরিশালে দুজন এবং সিলেট বিভাগের একজন। এই সময়ে আরো ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সরকারের হিসাবে, হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৫১ জনের মৃত্যু হলো। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে মারা গেছেন ৯৫০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪৩ জন।

এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৯৮ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে এক হাজার ১৯ জন।

২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৩১০ জন, রাজশাহীতে ১৬, সিলেটে ১২৬, চট্টগ্রামে ৩১৪, বরিশালে ১২০, ময়মনসিংহে ৫৪, খুলনায় ৬৬ ও রংপুর বিভাগে ১৩ জন।

এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ৩৩ হাজার ৫৭৩ জন। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫২ হাজার ৭৩৬। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা