আন্তর্জাতিক ডেস্ক : নেপালে বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য জানিয়ে দুর্গত শিশুদের জীবন বাঁচাতে দ্রুত সহায়তার আবেদন করেছে।
নেপালে ইউনিসেফের প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, উপদ্রুত এলাকার শিশুরা চোখের সামনে তাদের জীবন লণ্ডভণ্ড হয়ে যেতে দেখেছে। তিনি বলেন, “বন্যায় অনেক শিশু প্রাণ হারিয়েছে এবং অনেকে তাদের প্রিয়জনদের হারিয়েছে।”
অ্যালিস আকুঙ্গা আরও সতর্ক করে বলেন, “বন্যা থেকে বেঁচে যাওয়া শিশুরা এখন পানিবাহিত রোগ, পুষ্টিহীনতা, সহিংসতা ও শোষণের চরম ঝুঁকির মুখে রয়েছে।”
বিবৃতিতে বলা হয়, ইউনিসেফ বর্তমানে দুর্গত এলাকাগুলোতে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করছে। তবে প্রতিটি অভাবী শিশুর কাছে পৌঁছানোর জন্য জরুরি ভিত্তিতে আরও সম্পদের প্রয়োজন।
বন্যাপরবর্তী এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং প্রাথমিক সহায়তা কার্যক্রম চালিয়ে নিতে ইউনিসেফ ১ কোটি ৭২ লাখ মার্কিন ডলারের (প্রায় ১৭ দশমিক ২ মিলিয়ন ডলার) জরুরি তহবিলের আবেদন জানিয়েছে। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রয়োজনীয় তহবিল না পেলে শিশু ও নারীদের জন্য পরিচালিত তাদের জীবনরক্ষাকারী সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
বর্তমানে নেপাল সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে বিপুল সংখ্যক নিখোঁজ ও অবকাঠামোগত ক্ষতির কারণে সহায়তা কার্যক্রম বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
