শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ যশোরে পারিবারিক বিরোধের জেরে নিজের মাকে কুপিয়ে হত্যা

যশোরে পারিবারিক বিরোধের জেরে নিজের মাকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধিঃ যশোরে পারিবারিক বিরোধের জেরে নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর। হত্যাকাণ্ডের মাত্র ১৭ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেনের ছেলে। তিনি ঝিকরগাছা লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আনোয়ারা খাতুন (৬৫) একই গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেনের স্ত্রী।

পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট বিকেল আনুমানিক ৪টার দিকে মামুনুর রশিদ তার মায়ের বাড়িতে যান। এ সময় মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মামুনুর রশিদ রান্নাঘরে থাকা ধারালো তরকারি কাটা বটি দিয়ে আনোয়ারা খাতুনের পিঠে আঘাত করেন। পরে তিনি মাটিতে পড়ে গেলে মাথা, মুখমণ্ডল, পিঠ ও বাম হাতে একাধিক কোপ দেন। একপর্যায়ে বটি দিয়ে জবাই করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্তভার পিবিআই যশোরের ওপর ন্যস্ত হওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। ২৮ আগস্ট সকাল ৯টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা