খাগড়াছড়ি প্রতিনিধি; খাগড়াছড়ি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের ১১ তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগষ্ট) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন পুনর্গঠিত পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা সহ পরিষদের অন্যান্য ১৪ জন নতুন সদস্যরা।
নবনির্বাচিত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, ‘সরকার আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা আমি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের চেষ্টা করব। খাগড়াছড়ির সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে পার্বত্য জেলা পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে আমি কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত খাগড়াছড়ি গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে জেলা পরিষদকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা একসঙ্গে কাজ করব।’
এসময় পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মো:রাসেদুল হক ফুল দিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়।
