রবিবার | সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৩০০ ফিট সড়কের খালের পাড়ে ঝোপঝাড়ের আড়াল, বাড়ছে অপরাধের শঙ্কা

৩০০ ফিট সড়কের খালের পাড়ে ঝোপঝাড়ের আড়াল, বাড়ছে অপরাধের শঙ্কা

এস.এম.নাহিদ: রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়কের খালের দুই পাশে যেন অবহেলার চাদর। দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা ঝোপঝাড় এখন খালের পাড়ের বড় একটি অংশ ঢেকে ফেলেছে। কোথাও কোথাও এমন ঘন হয়ে উঠেছে যে কয়েক হাত দূরের দৃশ্যও আড়ালে চলে যায়। ব্যস্ত সড়কের পাশে এমন আড়ালযুক্ত পরিবেশ জননিরাপত্তার জন্য তৈরি করছে বাড়তি ঝুঁকি।

এই শঙ্কাকে আরও গুরুতর করে তুলেছে অতীতের কিছু ঘটনা। ইতিপূর্বে এই খালের পানি থেকে একাধিক মরদেহ উদ্ধার করেছে খিলক্ষেত থানা-পুলিশ। ফলে খালের দুই পাশে ঝোপঝাড় ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ নিয়ে স্থানীয়দের উদ্বেগকে নিছক আশঙ্কা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। খালের পাড়ে পর্যাপ্ত আলো ও দৃশ্যমানতা না থাকলে অপরাধ সংঘটিত হলে তা দ্রুত শনাক্ত করা কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে আনা কঠিন হয়ে পড়তে পারে।

স্থানীয়দের আশঙ্কা, এই আড়ালকে কাজে লাগিয়ে সন্ত্রাসী, মাদকসেবী কিংবা অপরাধপ্রবণ ব্যক্তিরা নানা অপতৎপরতার সুযোগ নিতে পারে। মাদক সেবন, ছিনতাই কিংবা অনৈতিক কর্মকাণ্ডের মতো ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। অথচ ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতি চোখের সামনে থাকলেও ঝোপঝাড় পরিষ্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা কিংবা নিয়মিত নজরদারির কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। প্রশ্ন উঠছে-ঝুঁকি স্পষ্ট হওয়ার পরও কেন নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?

একটি জনবহুল রাজধানীতে অপরাধ প্রতিরোধের অন্যতম শর্ত হলো ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে আগেভাগেই ব্যবস্থা নেওয়া। কিন্তু ৩০০ ফিট সড়কের খালের দুই পাশের বর্তমান চিত্র সেই উদ্যোগের ঘাটতিকেই সামনে আনছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর তৎপরতা দেখানোর বদলে এখনই ঝোপঝাড় পরিষ্কার, খালের পাড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করা জরুরি। অপরাধ ঘটার অপেক্ষায় না থেকে ঝুঁকির উৎস দূর করাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা