বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নামাজ ও প্রার্থনার অঙ্গীকার করালেন নাজিরপুর বালিকা বিদ্যালয়ের সভাপতি

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নামাজ ও প্রার্থনার অঙ্গীকার করালেন নাজিরপুর বালিকা বিদ্যালয়ের সভাপতি

সাজ্জাদুর রহমান, (নাজিরপুর প্রতিনিধি) : পিরোজপুরের নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি হেলেন আক্তার বিদ্যালয়ে প্রথম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। এ সময় তিনি মুসলিম শিক্ষার্থীদের নিয়মিত নামাজ পড়ার এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নিয়মিত প্রার্থনা করার আহ্বান জানান।

সোমবার (৩১ আগস্ট) বিদ্যালয়ে গিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন। এ সময় মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত নামাজ আদায়ের অঙ্গীকারও নেন তিনি।

সভাপতি হেলেন আক্তার বলেন, শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠে, সেদিকে গুরুত্ব দিতে হবে। বিদ্যালয়ে জোহরের নামাজ আদায়ের জন্য একটি নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করে দেওয়ার বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন তিনি।

একইসঙ্গে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদেরও নিয়মিত প্রার্থনার বিষয়ে খোঁজ নেন নতুন সভাপতি।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও দিকনির্দেশনা দেন হেলেন আক্তার। তিনি শিক্ষার্থীদের কে ভবিষ্যতে কী হতে চায়, তা এখন থেকেই নির্ধারণ করে সেই লক্ষ্য অনুযায়ী মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন। পাশাপাশি ইংরেজিতে দক্ষতা বাড়াতে নিয়মিত ফ্রি-হ্যান্ড লেখা ও অনুবাদের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

জানা গেছে, হেলেন আক্তার নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর সোমবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হন। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে স্বাগত ও অভিনন্দন জানান।

নতুন সভাপতির দায়িত্ব গ্রহণকে ঘিরে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান ও সহশিক্ষা কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষা-অনুরাগী ও স্থানীয়রা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা