বিশেষ প্রতিনিধি: সরকারি ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠান ‘সোনালী ব্যাংক PLC’-এর নাম ও ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভনে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্র।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘sonalirin.com’ নামে একটি ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক রিলস-এর মাধ্যমে এই প্রতারণামূলক প্রচারণা চালাতে দেখা গেছে। বিজ্ঞাপনে ৫ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত সহজ কিস্তিতে লোনের প্রলোভন দেখানো হচ্ছে।
অনুসন্ধানে দেখা গেছে, চক্রটি গ্রাহকদের বিভ্রান্ত করতে লোন দেওয়ার পূর্বশর্ত হিসেবে ৫ হাজার টাকা লোনের জন্য ৫০০ টাকা এবং ১ লাখ টাকা লোনের জন্য ১০ হাজার টাকা “অগ্রিম জামানত” দাবি করছে। বিকাশ বা নগদের মাধ্যমে এই জামানতের টাকা নেওয়ার পর গ্রাহকদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিচ্ছে চক্রটি।
আর্থিক ও সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা জানান, সোনালী ব্যাংকের প্রকৃত অফিসিয়াল ওয়েবসাইট হলো sonalibank.com.bd। কোনো বাণিজ্যিক বা সরকারি ব্যাংক লোন অনুমোদনের আগে ব্যক্তিগত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম জামানতের টাকা গ্রহণ করে না।
এ বিষয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। sonalirin.com-এর মতো যেকোনো ভুয়া সাইটে কোনো তথ্য না দেওয়া এবং ব্যাংকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি সোনালী ব্যাংকের নিকটস্থ শাখা অথবা অফিশিয়াল হটলাইন নম্বর ১৬৬৩৯-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
