শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বিকেলে সড়ক-৭১ সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা সভাপতি আবু জাফর চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা,বিএনপির যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া, যুগ্ম আহ্বায়ক রোমান ফকির, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সদস্য সচিব আজমল হুদা সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান,ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ খান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মিলন হাওলাদারসহ বিএপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংরক্ষিত সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দলের দীর্ঘ রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বক্তব্য শেষে মিছিল নিয়ে সড়ক ৭১ হয়ে শ্যামলী মোড় এসে শেষ করা হয়।পরে সংক্ষিপ্ত বক্তার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
