মোঃ মনজুর মোল্লা : রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মোঃ ওহাব হোসেন নবীন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের ‘বি’ গেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই অভিযানে মেট্রোরেল পুলিশ ও স্থানীয় জনসাধারণ সার্বিক সহায়তা প্রদান করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ওহাব হোসেন নবীনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নবীন স্বীকার করেছে যে, বিক্রয়ের উদ্দেশ্যেই সে ইয়াবাগুলো নিজ হেফাজতে রেখে পরিবহন করছিল।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে
