বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার মানোন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) পাকুন্দিয়া পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রূপম দাস।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর সহযোগিতায় আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং পিএলসি সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের সঞ্চালনায় সভায় পৌরসভার মানোন্নয়নে মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, নগর পরিকল্পনাবিদ পিডিআরসি (PDRC) বীরস দাস ও জামাল হোসেন, সহকারী পরিবেশ বিষয়ক পরামর্শক পিডিআরসি (PDRC) মো. মনশাদ আলম এবং জুনিয়র নগর পরিকল্পনাবিদ পিডিআরসি (PDRC ইয়াসিন আমিন।

সভাপতির বক্তব্যে ইউএনও রূপম দাস বলেন, পাকুন্দিয়া পৌরসভা একটি ‘সি’ ক্যাটাগরির পৌরসভা। বর্তমানে যানজট, জলাবদ্ধতা, ময়লা নিষ্কাশন এবং মশক নিধন করা এ পৌরসভার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও জননিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রিট লাইট স্থাপন করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা সম্ভব। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা