সাইফুল ইসলাম, বগুড়া অফিস : ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। বহির্বিভাগের টিকিট কাউন্টার বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বন্ধ করে দেওয়া হয়।
এতে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষ টিকিট কাউন্টার চালুর চেষ্টা করলেও ইন্টার্ন চিকিৎসকেরা তা করতে দেননি। আন্দোলনকারীরা জানান, চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসক, নার্স, কর্তৃপক্ষ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা চলছে।
এর আগে মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মারামারি হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ওই ঘটনার পর রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
এক সংবাদ ব্রিফিংয়ে বুধবার ইন্টার্ন চিকিৎসকরা দাবি করেন, হামলায় অন্তত তাদের ১৫ জন আহত হয়েছেন। যাদের ছয়জনের আঘাত গুরুতর বলেও দাবি করেন তারা।হামলাকারীদের গ্রেপ্তার ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তাসহ চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
তবে শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর-এ-মোর্শেদ জানান, ইন্টার্নদের কর্মবিরতিতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়নি। মিডলেভেল চিকিৎসক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানসহ অন্য চিকিৎসকেরা সেবা দিয়ে যাচ্ছেন।
