স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। আজ শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা এড়াতে নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
উৎসবের দিনটিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাতে পারে এমন সব উগ্রপন্থী ও নিষিদ্ধ গোষ্ঠীর ওপর কড়া দৃষ্টি রাখা হচ্ছে। র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে যে দেশজুড়ে অবস্থিত মন্দির, পূজামণ্ডপ, কেন্দ্রীয় অনুষ্ঠানস্থল এবং জনবহুল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে।
প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিবিড়ভাবে পর্যালোচনা করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগাম তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় গোয়েন্দা কার্যক্রম মাঠপর্যায়ে সক্রিয় রাখা হয়েছে।
জন্মাষ্টমীর শোভাযাত্রা এবং ধর্মীয় সমাবেশে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি, পুরোহিত এবং বিদেশি অতিথিদের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শোভাযাত্রার চারপাশ ঘিরে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
