বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফায় পরিণত হবে : জামায়াত আমীর

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফায় পরিণত হবে : জামায়াত আমীর

স্টাফ রিপোর্টার : জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরুর আগে তিনি বলেন, ১৮ কোটি মানুষের দাবি আদায়ে তারা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থেই এই লংমার্চ। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজকে বরদাস্ত করা হবে না। জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে ১১ দলীয় ঐক্য ঘোষণা করেছিল, আজ শনিবার ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চের মাধ্যমে ছয় দফা দাবি আদায়ের আন্দোলন জোরদার করা হবে। ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চের কর্মসূচিও রয়েছে।

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর শাপলা চত্বরে সকাল ৭টায় সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়। এরপর সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা