ফাহাদ-ই-আজম, সাভার : সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগে এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে ভোলা, বরিশাল, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাভারের পূর্ব শাহীবাগ এলাকার মারকাজুল উলুম আশ শরইয়্যাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন, তাহমিদ হাসান রাফি, সাজেদুল ইসলাম সায়েম, মোহাম্মদ বিন মুক্তার ও কামরুল ইসলাম।
পুলিশের ভাষ্য, মাদ্রাসাটিতে পড়াশোনা করা সাত বছর বয়সী ওই শিশুকে গত প্রায় ছয় মাস ধরে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে শিক্ষক জাবের হোসেনসহ কয়েকজন যৌন নির্যাতন ও বলাৎকার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।
এ ঘটনায় গত ২৬ আগস্ট সাভার মডেল থানায় মামলা করা হয়। মামলা হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে ভোররাতে একযোগে ভোলা, বরিশাল, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান বলেন, “মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে এত অল্প বয়সী একটি শিশুর ওপর দীর্ঘ সময় ধরে এমন নির্যাতনের অভিযোগ ওঠায় মাদ্রাসাটির তদারকি, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ঘটনার সময় সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তে অভিযোগের সত্যতা এবং ঘটনায় জড়িত অন্যদের ভূমিকা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
