তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শ্রীবরদী ( শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের গাড়ো পাহাড়ের সীমান্তঘেঁষা বালিজুরি বাজার থেকে রাঙ্গাজান মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে কাঁচা ও বেহাল অবস্থায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয় কাদা ও জলাবদ্ধতার। ফলে এই সড়কে চলাচলকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বালিজুরি উচ্চ বিদ্যালয় থেকে রাঙ্গাজান পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে রাস্তা কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ছে। এতে সাধারণ পথচারীদের পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও রোগীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। রাস্তাটির বিভিন্ন অংশে প্রায় হাটু সমান কাঁদা থাকায় যানবাহন চলাচল কষ্টসাধ্য হচ্ছে। এতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও নিয়মিত টহল কার্যক্রম ব্যহত হচ্ছে।
স্থানীয় কৃষক আসমত আলী জানান, কাঁচা ও ভাঙাচোরা সড়কের কারণে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল সময়মতো বাজারে নিতে পারছেন না। বিশেষ করে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় গৃহবধূ শহর বানু ও ময়না জানান, বৃষ্টির সময় রাস্তা কাদায় একাকার হয়ে যাওয়ায় নারী ও শিশুদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া অসুস্থ রোগীদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মোতালেব বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো স্থায়ী উন্নয়ন হয়নি। মাঝে মাঝে মাটি ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হলেও বৃষ্টির পানিতে তা দ্রুত নষ্ট হয়ে যায়। তাই স্থায়ীভাবে সড়কটি সংস্কার ও পাকাকরণ প্রয়োজন।
এদিকে স্কুলছাত্র সালমান ফারশি জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। বৃষ্টি হলে সড়ক কাদায় ভরে যায়। এতে পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি পিচ্ছিল রাস্তায় পড়ে আহত হওয়ার আশঙ্কাও থাকে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে কৃষি, শিক্ষা ও চিকিৎসাসহ এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে রানীশিমুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর রুকুনুজ্জামান লাখু বলেন, বালিজুরি–রাঙ্গাজান সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি আরও বলেন, শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সড়কটির উন্নয়নের বিষয়ে অত্যন্ত তৎপর রয়েছেন। সড়কটি সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ডিও লেটার প্রদান করেছেন। দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, রাঙ্গাজান–বালিজুরি সড়কের সমস্যার কথা উপজেলা প্রশাসন অবগত রয়েছে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের একটি কাজ চলমান রয়েছে। ওই কাজ শেষ হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
