বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ খেলা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি

স্পোর্স রিপোর্টার : বাংলা ভাষা ও বর্ণমালাকে উপজীব্য করে তৈরি করা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি।

আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় দলের হোম ও অ্যাওয়ে দুই জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জাতীয় দলের নতুন জার্সি তৈরি করেছে দেশীয় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘দৌড়’।

নতুন হোম জার্সিতে প্রাধান্য দেওয়া হয়েছে সাদা রঙকে। এর কলার ও দুই পাশে রয়েছে লাল রঙের ছোঁয়া। জার্সির কাপড়ে ওয়াটারমার্কের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালার অবয়ব। বুকে রয়েছে বাফুফের লোগো এবং লাল রঙে মুদ্রিত জার্সি নম্বর। এর সঙ্গে খেলোয়াড়দের জন্য থাকছে লাল শর্টস ও সাদা মোজা।

অন্যদিকে, অ্যাওয়ে কিটে রাখা হয়েছে লাল ও সবুজের সমন্বয়। সবুজ জার্সির কাঁধে রয়েছে লাল স্ট্রাইপ। জার্সির সামনের অংশে এমবসড টেক্সচারে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণ ও হরফ। এতে জার্সির নম্বর ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো রাখা হয়েছে সাদা রঙে। অ্যাওয়ে জার্সির সঙ্গে থাকছে সবুজ শর্টস ও সবুজ মোজা।

নতুন জার্সির নকশায় বাংলাদেশের জাতীয় পরিচয় ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা