স্টাফ রিপোর্টার : দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে স্থল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করছে সরকার। তবে এই উদ্যোগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ভোলার মানুষের যোগাযোগ সুবিধা বাড়াতে নৌপথে ফেরি সার্ভিস চালু রাখা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ঢাকা-ইলিশা সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভোলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় দীর্ঘদিন ধরে জেলার মানুষকে নৌপথনির্ভর যোগাযোগ করতে হচ্ছে। এর স্থায়ী সমাধানের অংশ হিসেবে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর-ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। পরীক্ষামূলক চলাচলের কয়েক দিনের অভিজ্ঞতায় এ রুটে যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকের ব্যাপক চাপ ও আগ্রহ দেখা গেছে।
বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামে দুটি ফেরি প্রতিদিন এ রুটে চলাচল করছে। কাঁচপুর থেকে ইলিশা অথবা ইলিশা থেকে কাঁচপুর যেতে প্রায় আট ঘণ্টা সময় লাগছে।
মানুষের ব্যাপক সাড়া বিবেচনায় নিয়ে এ রুটে ফেরির সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে জানিয়ে নৌপরিবহন মন্ত্রী বলেন, যাত্রীসেবা উন্নত করা, ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা এবং ফেরিঘাটে শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকার নৌপথ আরও কার্যকর করার উদ্যোগ
ঢাকার চক্রাকার নৌপথ ও ওয়াটার বাস সার্ভিসকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, নির্দিষ্ট সময়সূচি, যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগের সমন্বয় করা গেলে এসব সেবা আরও জনপ্রিয় হবে।
এতে একদিকে নগরবাসীর দুর্ভোগ কমবে, অন্যদিকে নৌপরিবহন খাতের লোকসানও কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অবৈধ বালু উত্তোলনে কঠোর ব্যবস্থা
বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বিষয়ে শেখ রবিউল আলম বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সেতুর আশপাশে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।
নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
ভোলার অর্থনীতিতে নতুন সম্ভাবনা
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি সার্ভিস চালুর ফলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের পণ্য ও যাত্রী পরিবহনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ব্যবসায়ী, পণ্যবাহী যানবাহনের চালক এবং সাধারণ যাত্রীদের মধ্যে এই নৌপথ ইতোমধ্যে আগ্রহ তৈরি করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরাসরি এই নৌযোগাযোগ ভোলার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
