নোয়াখালী প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দেশের উন্নয়নের জন্য মানসম্মত ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; তাদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, হাজিপুর এ মজিদ উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি ডা. আবু তাহের।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
