বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ৫

মো.নূর আলম ভূইয়া, ঢাকা : রাজধানীর গেন্ডারিয়ায় গত ৩০ আগস্ট প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় ধারাবাহিক অভিযানে বিদেশী পিস্তল ও জুলাই আগস্ট আন্দোলনে লুন্ঠিত অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন কে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১০) এর একটি টিম দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)—১০ অধিনায়ক (পরিচালক) মোহাঃ আসাদুজ্জামান বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ৩০ আগস্ট রাজধানীর গেন্ডারিয়ার করাতিটোলা এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলিতে এক নারীসহ তিনজন সাধারণ ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনার পরপরই র‌্যাব—১০, সিপিসি— যাত্রাবাড়ী ক্যাম্প—এর একটি চৌকস আভিযানিক দল উক্ত গোলাগুলির ঘটনায় ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর সন্ধ্যায় গেন্ডারিয়া থানাধীন মুন্সির টেক এলাকা থেকে মোহাম্মদ জিসান, মোহাম্মদ রমজান কে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গত ০৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীন কে গ্রেপ্তার করা হয়। অপর একটি পৃথক অভিযানে গতকাল ৯ সেপ্টেম্বর শাবাব হোসেন সৈকত এবং মোহাম্মদ মাহিম কে গ্রেপ্তার করা হয়। শাবাব হোসেন সৈকতকে গ্রেপ্তারের অভিযানে তার নিকট হতে ১২ রাউন্ড তাজা গুলি ও ৩ টি ম্যাগাজিন’সহ ২ টি বিদেশী পিস্তল, ৪শত ২০ পিস ইয়াবা, ৪ শত পুরিয়া হেরোইন ও ৯ শত গ্রাম গাঁজা এবং নগদ অর্থ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাবাব হোসেন সৈকত যাত্রাবাড়ী থানার ৩ টি মাদক মামলার এজাহারনামীয় আসামি।

বিশেষভাবে উল্লেখযোগ্য, উদ্ধারকৃত ১২ রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ম্যাগাজিন ৫ আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদ হিসেবে শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাব ১০ এর ধারাবাহিক অভিযানে সর্বমোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অস্ত্র মাদক এবং পুলিশের লুণ্ঠিত গোলাবারুদের উৎস ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা