স্টাফ রিপোর্টার : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এবং এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
নুরুল ইসলাম মনি বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বর্তমান সরকার বেরিয়ে আসছে। বিএনপির মূল নীতি হলো, সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থবিরোধী অসংখ্য চুক্তি করে গেছেন শেখ হাসিনা।
চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও বন্ধুরাষ্ট্রের জাহাজ একসঙ্গে ভিড়লে বন্ধুরাষ্ট্রের জাহাজ আগে খালাস করতে হতো এমন অনেক দেশের স্বার্থবিরোধী জায়গা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা হবে।
অনুষ্ঠানে ব্রিকস সম্মেলন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে চিফ হুইপ বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে ভারত আমন্ত্রণ জানায়নি। একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে এমন অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো দুঃখজনক।
তিনি আরও বলেন, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং স্বাবলম্বী করতে তুলতে চাই। এর জন্য যা যা করা প্রয়োজন, সরকার তার সবই করবে।
