বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের

রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের

মো.মাসুদ রানা,রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে মো. সজিব (২৫) নামে এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার দুপুরের ফেসবুকে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মো: সজিব নামের ওই যুবক রামগড় ইউনিয়ন লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। সে পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ভিডিওতে দেখা যায়, ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদের সামনে বসে সজিব নিজের গায়ে দুধ ঢালছেন। এ সময় তিনি বলেন, জুয়া খেলতে গিয়ে তাঁর সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। তাই তিনি দুধ দিয়ে গোসল করে আজ থেকে সবধরণের জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিচ্ছেন। এ জুয়ার পিছনে প্রায় ১৫ লক্ষ টাকা খুইয়ে এখন তিনি নিঃশ্ব

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে সজিব অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তাঁর সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায় এবং একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল বুঝতে পেরে আজ দুপুরে প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন।

রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে ছেলেটি সব হারিয়েছে। ভুল বুঝতে পেরে ছেলেটি এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। এখন যদি সত্যিই ফিরে আসে, সেটাই তার ও পরিবার এবং এলাকার জন্য ভালো।

আবদুল মান্নান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়, তিনি যেন ভালো পথে থাকেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজির আলম বলেন, জুয়া সম্পূর্ণ অবৈধ সেটা সরাসরি হোক বা অনলাইনে হোক এবং এ বিষয়ে নিয়মিত অভিযান চলছে। জনসচেতনা সৃষ্টির লক্ষে নিয়মিত পুলিশের মাদক ও জুয়া বিরোধী প্রচার প্রচারণা চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা