পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী : চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাসের পাশে ডোবায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ ভাসতে দেখা গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটা এলাকায় মহাসড়কসংলগ্ন ডোবায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পটিয়া থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দা ইসহাক মিয়া জানান, সকালে ভাটিখাইন থেকে পটিয়া সদরে আসার পথে দক্ষিণ ঘাটা এলাকায় মানুষের জটলা দেখতে পান। গাড়ি থামিয়ে এগিয়ে গেলে ডোবার পানিতে লাশটি ভাসতে দেখেন তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তাঁর ধারণা, এক-দুই দিন আগে লাশটি অন্য কোথাও থেকে এনে এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। স্থানীয়রা জানান, লাশটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল ট্রাউজার ও ফুলহাতা গেঞ্জি। তবে তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, লাশটি মহাসড়কসংলগ্ন ডোবায় ভাসতে দেখা যাওয়ায় হাইওয়ে পুলিশ ও পটিয়া থানা পুলিশ যৌথভাবে লাশ উদ্ধারের প্রক্রিয়ায় অংশ নেবে। লাশ উদ্ধারের জন্য ডোমকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে। ওসি জিয়াউল হক আরও বলেন, ‘তদন্তের মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে।’ লাশটি কীভাবে সেখানে এসেছে, ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হয়েছে এবং এটি হত্যাকাণ্ড কি না এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
