এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৫ জন চোর-ছিনতাইকারী, ২ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী, ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ২ জন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার চোর-ছিনতাইকারীরা হলেন—মো. মিরাজ (২১), মো. রুবেল (২৬), মো. আব্দুর রহমান (৪৬), মিজানুর রহমান ওরফে গিট্টু মিজান (৩০) এবং মো. রমজান (২২)।
পুলিশের তথ্য অনুযায়ী, তাদের কয়েকজনের বিরুদ্ধে কক্সবাজার সদর ও রামু থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন টেকনাফের মঈন উদ্দিন ওরফে মাঈন উদ্দিন (৪০) এবং তৈয়বা খাতুন (৪৩)। এছাড়া মাদক সেবনের অভিযোগে আবুল হাসিম (২০), আব্দুল মান্নান (২০), তৌহিদুল ইসলাম আরিফ (২৬) ও মাহি (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন মো. জসিম উদ্দিন (২৮), বিজয় ধর (৪৫), মো. মাহিন (২৬), মো. রুবেল, মো. নাছির (৪০), কামরুল হাসান (৩৯) ও আবদুল মোতালেব (২৮)।
এছাড়া ধর্তব্য অপরাধে সাইফুল ইসলাম (২৬) ও মো. সেলিম (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোর-ছিনতাইকারী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
