শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সুবর্ণচরে বেপরোয়া গতিতে বাঁধন বাস উল্টে আহত ১২

সুবর্ণচরে বেপরোয়া গতিতে বাঁধন বাস উল্টে আহত ১২

মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতিতে চলার সময় ‘বাঁধন’ পরিবহনের একটি বাস রাস্তার পাশে উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বাসে থাকা প্রায় ১২ জন যাত্রী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত প্রায় ২টার দিকে সোনাপুর–সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাঁধন পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে সুবর্ণচরের দিকে আসছিল। সোনাপুর–সুবর্ণচর সড়কে প্রবেশের পর বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালকের পরিবর্তে হেলপার গাড়ি চালাচ্ছিলেন বলে এক যাত্রী দাবি করেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়।

দুর্ঘটনার পর কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। এ সময় বাসের চালক ও হেলপারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, চট্টগ্রাম থেকে আসার পর সোনাপুর–সুবর্ণচর সড়কে বাসটি প্রবেশ করলে এর গতি ছিল অনেক বেশি। তার দাবি, একপর্যায়ে হেলপার বাসটি চালাচ্ছিলেন এবং অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

আরেক প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে বাঁধন বাসটিকে বেপরোয়া গতিতে চলতে দেখেছেন। বাসটি তার অটোরিকশাসহ আরও কয়েকটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করে চলে যায়। অল্পের জন্য তারাও দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছানোর আগেই বাসের সব যাত্রী বের হয়ে যান। অতিরিক্ত গতির কারণেই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে যাত্রীরা আহত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, বাঁধন বাসটি দুর্ঘটনার খবর পেয়ে থানার কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি সহযোগিতা চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা