মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ স্বর্ণদ্বীপে ডুবচরে জাল সহ সুবর্ণচরের এক কৃষকের মরদেহ উদ্ধার

স্বর্ণদ্বীপে ডুবচরে জাল সহ সুবর্ণচরের এক কৃষকের মরদেহ উদ্ধার

নোয়াখালী থেকে রাশেদুল ইসলাম : নোয়াখালীর স্বর্ণদ্বীপে ডুবচরে মাছ ধরতে গিয়ে এরশাদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বর্ণদ্বীপের একটি খালে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করেন।

নিহত এরশাদ সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং চার সন্তানের জনক ছিলেন।

নিহতের ভগ্নিপতি মো.নুর উদ্দিন বলেন, এরশাদ কৃষি কাজ করত। পাশাপাশি স্বর্ণদ্বীপে ডুবচরে ঠেলা জাল দিয়ে চিংড়িসহ অন্যান্য মাছ ধরত। গত রোববার এরশাদ মাছ ধরার জন্য ঠেলা জাল নিয়ে স্বর্ণদ্বীপের একটি খালে মাছ ধরতে যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল না। মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয় লোকজন ও রাখাল জাল সহ তার মরদেহ ভাসতে দেখেন।

নুর উদ্দিনের ভাষ্য, এরশাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিষয়ে স্বর্ণদ্বীপে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো তথ্য দিতে তারা আগ্রহী ছিলেন না এবং এড়িয়ে যান

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, নিহতের স্বজনদের সাথে কথা হয়েছে। ঘটনাস্থল থেকে তারা মরদেহ নিয়ে ঘাটে আসছে। সেখানে মরদেহ দেখে শরীরে কোন আঘাতের চিহৃ না থাকলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা