বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকা নিহত : মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ২

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকা নিহত : মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ২

মোঃ মনজুর মোল্লা : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউ এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে চলন্ত রিকশা থেকে পড়ে নিহত প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬) হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, নিহতের লুণ্ঠিত ব্যাগ ও মোবাইল ফোন।

গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ খোকন (৩৫) ও ২। মোঃ রাজিব মাতুব্বর (৩৬)।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সকালে রনজিলা পারভিন তার স্বামীর সঙ্গে রিকশাযোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন। মানিক মিয়া এভিনিউর খেজুর বাগানের সামনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী খোকন ও রাজীব ভিকটিমের হাতের ব্যাগ ধরে সজোরে হ্যাঁচকা টান দেয়। এতে রনজিলা পারভিন পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর ডিবি তেজগাঁও বিভাগ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের শনাক্ত করে। ঢাকা, সাভার ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খোকন ও রাজিবকে গ্রেফতার করা হয়। এ সময় রাজিবের কাছ থেকে ৬২২ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।

পরে আসামিদের দেওয়া তথ্যে মিরপুরের বড়বাগ থেকে নিহতের ব্যাগ, মিরপুর-১-এর কো-অপারেটিভ মার্কেট থেকে মোবাইল ফোন এবং ভাষানটেকের দেওয়ান পাড়া থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাই ও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা