শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীপুরে স্বাস্থ্যকেন্দ্রে প্রদান ফটকে তালা কাঁটাতার ডিঙ্গিয়ে ঢুকলেন ডাঃ বাচ্চু এমপি

শ্রীপুরে স্বাস্থ্যকেন্দ্রে প্রদান ফটকে তালা কাঁটাতার ডিঙ্গিয়ে ঢুকলেন ডাঃ বাচ্চু এমপি

শ্রীপুর (গাজীপুর) থেকে মোঃ উজ্জল মিয়া : গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ পুরো স্বাস্থ্যকেন্দ্র তালাবদ্ধ দেখতে পান ডাঃ বাচ্চু এমপি।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু কিছুক্ষণ অপেক্ষার পর কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান। এ সময় ভেতরে কোন চিকিৎসক বা মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। এ ছাড়া কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সেখানে বসে গল্প করতে দেখা গেছে বলে জানান সংসদ সদস্য।

পরিদর্শন শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি বলেন, “হাসপাতালের গেট দেখে মনে হয়েছে, এই তালা কত বছর আগে লাগানো হয়েছে কে জানে! তালায় একেবারে মরিচা ধরে গেছে; এটি অনেক দিন আগে লাগানো তালা বলেই মনে হয়েছে। আমি অনেক সময় অপেক্ষা করে একপাশের দেয়াল টপকে ও কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করি।

তিনি আরও বলেন, “এখানে কোনো স্বাস্থ্যকর্মী, চিকিৎসক বা মেডিকেল অফিসার নেই। কয়েকজন কর্মচারী ভেতরে বসে গল্প-আড্ডায় মেতেছেন। গাজীপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত অঞ্চল; এখানকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষে এ স্বাস্থ্য কেন্দ্রটি গড়ে উঠেছিল । উপজেলা ও জেলা শহরে গিয়ে সেবা নেওয়া এই এলাকার মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, ইতিমধ্যেই মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক বন্ধ থাকা প্রসঙ্গে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর হাসান আল মামুন দাবি করেন, চাবিটি ভুলবশত তাঁর বাড়িতে রয়ে গিয়েছিল।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা