বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ এক সপ্তাহে ৪৮ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন করলো স্বাস্থ্য বিভাগ

এক সপ্তাহে ৪৮ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন করলো স্বাস্থ্য বিভাগ

মোঃ রাশেদুল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহের ব্যবধানে তিন দফায় ৪৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীরা বারবার অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নোয়াখালী জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেন জানান, হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য বিভাগের প্রাথমিক ধারণা অনুযায়ী শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার পেছনে ‘ম্যাস হিস্টিরিয়া’ কাজ করতে পারে। তবে এটিই চূড়ান্ত কারণ নয়। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত কমিটি কাজ করবে। সোমবার নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া এক শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও অসুস্থতার অন্য কোনো কারণ পাওয়া যায়নি।

সর্বশেষ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের নয় শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলে আরও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। দুই দফায় মোট ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানি সরকার জানান, আগের দুই দফার মতো বুধবারের ঘটনাটিও তাদের কাছে ‘ম্যাস হিস্টিরিয়া’র মতো মনে হয়েছে। তবে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।

এর আগে ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। এরপর ১৪ সেপ্টেম্বর আরও ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সর্বশেষ বুধবার ১৩ জন অসুস্থ হওয়ায় এক সপ্তাহে মোট ৪৮ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

তবে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ নিয়ে কৃষি বিভাগের পর্যবেক্ষণে ভিন্ন তথ্যও উঠে এসেছে। ৭ সেপ্টেম্বরের ঘটনার পর কৃষি বিভাগের তদন্তে বলা হয়, বিদ্যালয়ের পাশের জমিতে কীটনাশক ব্যবহারের কারণে বাতাসে ছড়িয়ে পড়া গন্ধের প্রভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।

একই বিদ্যালয়ে বারবার শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এখন তদন্ত কমিটির প্রতিবেদনে অসুস্থতার প্রকৃত কারণ কী উঠে আসে, সেটিই দেখার বিষয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা