বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ বাণিজ্য ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

স্টাফ রিপোর্টার : সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে একগুচ্ছ নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এর মধ্যে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন পাওয়ার সুযোগ, জরুরি আর্থিক প্রয়োজনে নির্দিষ্ট শর্তে কর্মসূচি থেকে বের হয়ে টাকা তোলার সুযোগ এবং পেনশনভোগীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার প্রস্তাব রয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পর্ষদের অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো পরবর্তী সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

বর্তমানে সর্বজনীন পেনশনের চারটি স্কিম চালু রয়েছে। এগুলো হলো—প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস। কর্মজীবী, অনিয়মিত আয়ের মানুষ ও প্রবাসীদের পেনশন সুবিধার আওতায় আনতে ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চালুর প্রায় তিন বছর পর চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নিবন্ধিত হয়েছেন। তাদের জমা করা অর্থের পরিমাণ ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।

৫৫ বছর বয়স থেকেই পেনশন
বর্তমান নিয়ম অনুযায়ী, ৬০ বছর বয়সে পৌঁছানোর পর পেনশন পাওয়া যায়। নতুন প্রস্তাবে পেনশন পাওয়ার বয়স ৫৫ বছর করার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রস্তাবটি অনুমোদিত হলে ৬০ বছর পর্যন্ত অপেক্ষা না করেই ৫৫ বছর বয়স থেকে পেনশন সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।

এর আগে গত বছরের মে মাসে অনুষ্ঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের দ্বিতীয় পরিচালনা পর্ষদের বৈঠকে ৬০ বছর বয়সে পৌঁছালে জমা করা অর্থের ৩০ শতাংশ এককালীন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে এককালীন টাকা তোলার সুযোগ ছিল না।

বর্তমান ব্যবস্থায় কোনো স্কিমে যুক্ত হওয়ার পর মাঝপথে বের হয়ে যাওয়ার সুযোগ নেই। নতুন প্রস্তাবে পাঁচ বছর অর্থ জমা দেওয়ার পর শারীরিক বা আর্থিক কারণে অক্ষম হয়ে পড়লে বিশেষ বিবেচনায় টাকা উত্তোলনের সুযোগ রাখার কথা বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা