শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সরিষাবাড়ীতে ইয়াবাসহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ইয়াবাসহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

আটককৃত মাদকব্যবসায়ী উপজেলার ভাটারা ইউনিয়নের উত্তর ভাটারা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আবু বক্কর ওরফে শাহ্ আলম (৪০)।

তিনি ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকব্যবসা ও নারী কেলেঙ্কারিসহ এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানান, যুবদল নেতা শাহ্ আলম চলতি বছরের ৫ ফেব্রুয়ারি স্থানীয় এক গৃহবধূকে গোসলখানায় ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। সে যাত্রায় তিনি দলীয় প্রভাবে পার পেলেও ১৯ মার্চ গাঁজাসহ গ্রেপ্তার হয়ে জেলে যান। জামিনে এসে ফের মাদকদ্রব্যের ব্যবসা শুরু করেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকব্যবসায়ী শাহ্ আলমের বাড়িতে অভিযান চালায় ডিবি। তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে পৃথক অভিযানে একই রাতে সদর উপজেলার দেউরপাড় (চন্দ্রা দিঘীরপাড়) এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ শান্ত ইসলাম (২৭) নামে অপর এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি। তিনি ওই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা