লংগদু থেকে মোঃ এরশাদ আলী : রাঙামাটির লংগদুতে মোটরসাইকেল সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোঃ মঞ্জুরুল হক ও সাধারণ সম্পাদক পদে মোঃ বিপ্লব ইসলাম জয়ী হয়েছেন।
১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে চলে লংগদু উপজেলা মোটরসাইকেল চালক সমবায় সমিতি লিঃ-এর ত্রি-বার্ষিক নির্বাচন। ভোটগণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।এবারের নির্বাচনে সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মোটরসাইকেল প্রতীক নিয়ে মোঃ মঞ্জুরুল হক বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তরুণ প্রজন্মের বলিষ্ঠ কন্ঠ সাংবাদিক বিপ্লব ইসলাম।
এছাড়াও ঘোষিত ফলাফলে সহসভাপতি পদে আব্দুল করিম বিনা প্রতিদ্বন্দিতায়, যুগ্ম সম্পাদক পদে জাহিদুল ইসলাম- বাইসাইকেল, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শরীফুল ইসলাম- ভ্যানগাড়ি, কোষাধ্যক্ষ পদে আল ইসলাম রাজু-দোয়াত কলম এবং প্রচার সম্পাদক পদে মোঃ ফোরকান- টেবিল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন ও চায়ের দোকানগুলোতে এই নির্বাচনকে কেন্দ্র করে চালক ও মালিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন পরিচালনা কমিটি, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও ভোটারদের একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান এবং সাধারণ চালক ও মালিকদের স্বার্থরক্ষা এবং সমিতির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
